Showing posts with label একলা পথিক. Show all posts
Showing posts with label একলা পথিক. Show all posts

কথা ছিল

কথা ছিল
শহরের কালো ধূলি মাখা পথে
শুধু আমি ছাড়া সবাই ব্যাস্ত
ওরা আমাকে ফেলে ছুটে যায়
শুধু আমি পারি না!
ফুটন্ত চায়ের কেটলির ধোঁয়ায়
খুঁজতে থাকি তোকে-
এক দৃষ্টিতে
ভাবি-
আলাদিনের জিনের মত যদি একবার
সত্যি সামনে এসে দাঁড়াতিস!

কথা ছিল তোর পক্ষীরাজে চড়াবি,
শহরের সীমান্ত ছাড়িয়ে অনেক দূর-
রামধনুর দেশে মেলে দেবো ডানা
স্বপ্নের রেনু গুলো গায়ে মেখে
শুধু একবার ছুঁয়ে দেবো তোকে!

কথা ছিল জীবনের শেষ বসন্তে
দুনে মেলাবো হাত
ভালোবাসার বর্ষায় ভিজে গেছে সব
তারপর একদিন হালকা শীতের উষ্ণতা
আরও কাছে এনেছিল তোকে,
শরত এল, ফুল ফুটল-
কিন্তু কি জানি কার অভিশাপে
অসময়ে ঝরে গেল সব
বসন্ত এল শুধু তুই এলি না!
 ------------------------------একলা পথিক
বিস্তারিত পড়ুন

আর একটা তুমি পৃথিবী দাও

আর একটা তুমি পৃথিবী দাও
আর একটা তুমি পৃথিবী দাও 

আর একটা তুমি পৃথিবী দাও
যেখানে আমি একা,
দুই পৃথিবীর মিলন স্থলে
একফালি চাঁদ বাঁকা,
আর দিও এক শান্ত নদী
কভু সেখানে হারাই যদি
স্মৃতির সাগরে,
একটি কোকিল পাঠিয়ে দিও
তীরের কিনারে।
গানে গানে উঠুক ভরে,
ভগ্ন বীণার ছিন্ন তারে
ভাসুক স্মৃতির ভেলা,
আর আমারে খেলিও না তুমি
মিথ্যা প্রেমের খেলা।
সবুজ ঘাসে যখন বসে
ভাববো তোমার কথা
তোমার শরৎ ঝরিয়ে দেবে
একটি শুকনো পাতা ।
এই পৃথিবীতে ছিলেম যখন
আমার ছিলে তুমি,
নতুন পৃথিবীতে পাঠিয়ে দিও
ক্যাকটাস মরুভূমি ।
চলতে চলতে ফুরিয়ে পথ
করেছিলে কতো মিথ্যা শপত,
মিথ্যারই হল জয়-
প্রেম যে আজ ভাঙ্গার খেলা
ভাবতেই ভয় হয়।।

-----------------একলা পথিক
বিস্তারিত পড়ুন

Animation নামচা

Animation নামচা
** Animation নামচা **
জীবন মানে এগিয়ে চলা
জীবন মানে প্যাশান,
শখ করে তাই শিখেছিলাম
সাধের Animation!

2D 3D-র গোলক ধাঁধায়
জীবন কুপোকাত
চোখের কোনে রঙিন স্বপ্ন
করব বাজিমাত!

ছয় মাস ধরে 2D ক্লাসে
শুধুই হিজিবিজি,
3D ক্লাসে এসে বুঝি
ওটা শুধুই মিছিমিছি!

চাকরি পেলাম হায়দ্রাবাদে
বড়ই মজার দেশ,
জলের খোঁজে বাড়ি বদল
জীবন হল শেষ!

বেকার ছিলাম চাকরী পেলাম
মাইনে হাজার পাঁচ,
চলতে পথে শিখব কতো
বাঁচার নতুন ধাঁচ!

                 - একলা পথিক 
বিস্তারিত পড়ুন

আজকের ইতিহাস

আজকের ইতিহাস
আজকের ইতিহাস

সমুদ্র মন্থনে বাসুকীর বিষাক্ত বিষের জ্বালায়
পৃথিবীটা যখন যন্ত্রনায় ছটফট করছিল
একটু শান্তি দিয়েছিল নীলকণ্ঠ;
বাঁচিয়েছিল পৃথিবীর ইতিহাসের অস্তিত্ব!
কিন্তু, আজকের ইতিহাস-
বড় ভয়ঙ্কর ব্যাভিচারি
নিষ্ঠুর নির্দয় অমানবিক অত্যাচারী!

যেখানে প্রভাত বেলার সোনালী সূর্য উঠত
শোনা যেত পাখীর মধুর গান!
আজ লাল রক্তের সঙ্গে মিলে যায়
ঐ সূর্যের রঙটা।
যেখানে থাকার কথা স্নেহ-মমতা-ভালবাসা
আজ সেখানেই তৈরি হয়েছে
শয়তানের শয়তানী কারখানা!
বিষাক্ত গরল পান করার
সেই মানুষ নেই আর!
আছে দরিদ্রের  শেষ সম্বল থেকে
শেষ রক্তবিন্দু শুষে নেওয়ার মানুষ রূপী জানোয়ার।
কেউটের বিষাক্ত ছোবল মারার জন্য
আজ প্রত্যেকে প্রস্তুত!

আজ প্রেম মানে - অর্থ,
ভালোবাসা খুঁজতে জানে না সুখের ঠিকানা।
হাতে বিয়ার অর্ধ নগ্ন পোশাক পরে
বজ্রদীপ্ত কণ্ঠে দাবি করছে-
নারী স্বাধীনতার অধিকার!
দিন দুপুরে সবার সম্মুখে
নারীর শেষ সম্বল টুকু লুটে নিয়ে
পুরুষ সমাজ কি সুন্দর ভাবে স্বীকৃতি দিচ্ছে!
আর যারা আজকের সমাজ সংগঠক,
নীরব দর্শকের ভূমিকায়
ভগ্ন কলমের জোরে লিখে চলেছে
আজকের এই ক্ষয়িষ্ণু পৃথিবীর
ধ্বংসন্মুখী নতুন ইতিহাস!
              - একলা পথিক 
বিস্তারিত পড়ুন